শুরুটা হয়েছিল মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে, এরপর এখন হিসেবনিকেশ মেলাতেই হিমশিম খাচ্ছে আইসিসি। তবে বাংলাদেশের মতো একটি ক্রিকেট পাগল জাতিকে এভাবে আড়াল করে ফেলা সম্ভব নয়, তা-ই মনে করিয়ে দিলেন জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের নিয়ে খুব সমস্যা। আপনি কালকে বাঁচবেন না মরবেন এই গ্যারান্টি দিতে পারবেন? আপনারা এত দুশ্চিন্তায় মরে যাচ্ছেন কেন। যখন যেটা হবে তখন সেটা সামাল দেওয়াই বুদ্ধিমানের কাজ।'
বাংলাদেশকে গোণায় না ধরে বিশ্ব ক্রিকেট চালানো সম্ভব নয় জানিয়ে সালাউদ্দিন বলেন, 'দিনশেষে আমরা একটা ক্রিকেট সেশন, আমাদের ফেলে দিতে পারবেন না। আমাদের অন্তত সাপোর্টার আছে, প্লেয়ার আছে, আপনারা আছেন, ক্রিকেট এখানে অনেক জনপ্রিয়। টপ পজিশনে থাকলে চিন্তা করবেন- এই দেশকে বাদ দিয়ে দিব? সব কিছু হিসাব করতে হবে। অনেক রিসোর্স আছে আমাদের। ইউটিলাইজ করি না আমাদের ব্যর্থতা। ক্রিকেট নেশন হিসেবে আমাদের ছেড়ে দিতে পারবেন না।'
বিশ্বকাপ না খেলায় ক্রিকেটারদের কথা ভেবে ৩ দলের ৪ ম্যাচের টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। তবে তা ক্রিকেটারদের বিশ্বকাপ দুঃখ ভুলানোর মতো যথেষ্ট প্রেরণা কিনা, প্রশ্ন উঠছে।
সালাউদ্দিনের যুক্তি, 'মানুষ অনেক সময় অনেক কিছুতেই মোটিভেট হয়। আপনি হয়ত টাকার জন্য হন, কেউ হয়ত সম্মানের জন্য, কেউ মাঠে থাকার জন্য। আপনি কীভাবে মোটিভেট হন আপনার ব্যাপার। এক্সটার্নাল মোটিভেশন কখনই ভালো না যদি বড় খেলোয়াড় হতে চাই। কেউ আছে টাকা দিলে প্র্যাকটিস করব। অনেকে আছে প্র্যাকটিস করব টাকা কামানোর জন্য। আপনি কীভাবে দেখেন?'